পাকিস্তানের লাহোরে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দেশটির ছাত্র-জনতা তীব্র বিক্ষোভ ফেটে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ গতকাল শুক্রবার থেকে দুদিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ায় পুলিশ ৩৮০ জনকে গ্রেপ্তার করেছে। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ বলেছে, সব ধরনের বিক্ষোভ, মিছিল ও জনসাধারণের কার্যক্রম দুদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাঞ্জাব জুড়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। উচ্চশিক্ষা বিভাগ ও স্কুল শিক্ষা বিভাগ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
পাকিস্তানের সবচেয়ে জনবহুল এই প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ায় আনুমানিক ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থী প্রভাবিত হবে। পূর্বাঞ্চলীয় লাহোর শহরে কথিত ধর্ষণের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বাড়ে এবং চারটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।