শনিবার প্রস্তাব পেয়ে বুধবার যোগ দিয়েছি: ফিল সিমন্স

চন্ডিকা হাথুরুসিংহের যুগ শেষে বাংলাদেশের ক্রিকেটে নতুন কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী এই কোচ ইতোমধ্যেই দলের দায়িত্ব বুঝে নিয়েছেন। আজ প্রথমবার কোচ হিসেবে এলেন সংবাদ সম্মেলনে।

ভারত সিরিজ শেষে গত ১৫ অক্টোবর মঙ্গলবার হুট করেই হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করে বিসিবি। তাকে শোকজ নোটিশের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। একইসঙ্গে ফিল সিমন্সকে অন্তর্বর্তী কোচ হিসেবে ঘোষণা করা হয়। হাথুরুকে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার আগেই ১৬ অক্টোবর বুধবার বাংলাদেশে আসেন সিমন্স। সেদিনই তাকে মিরপুরে ক্রিকেটারদের সঙ্গে দেখা যায়।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচ উপলক্ষেই আজ আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে আসার নেপথ্যের গল্প।

সিমন্স বলেন, ‘শনিবার (১২ অক্টোবর) প্রস্তাব পেয়েছিলোম। তারপর বুধবার জয়েন করেছি। তরুণদের সঙ্গে কাজ করতে আমি সবসময় পছন্দ করি। বাংলাদেশের এবার খুব ভালো সুযোগ আছে দক্ষিণ আফ্রিকাকে হারানোর। পরিসংখ্যানও তাই বলে। আমার ফিলোসোফি আগের মতোই আছে, সেই কঠোর পরিশ্রম।’