সন্তান হওয়ার ভীতি ‘কাটাতে’ জরিপ করেছে চীন

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) দেশটির ৩০ হাজার মানুষের ওপর একটি জরিপ চালাচ্ছে, যাতে কোনো বিষয়গুলো সন্তান নেওয়ার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে ও ‘সন্তান হওয়ার ভীতি’ সৃষ্টি করে, তা বোঝা যায়। চীনের জন্মহার বৃদ্ধির প্রচেষ্টা সফল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এই জরিপে চীনের ১৫০টি জেলার ১ হাজার ৫০০টি ভিন্ন সম্প্রদায়ের মানুষ অন্তর্ভুক্ত থাকবেন। চীনের জনসংখ্যা ও উন্নয়ন গবেষণা কেন্দ্র এই জরিপটি পরিচালনা করছে।

সংবাদমাধ্যমটি বলছে, জরিপটির লক্ষ্য হলো, ‘সন্তান নেওয়ার বিষয়ে অনীহা এবং ভয়ের’ কারণ বিশ্লেষণ করা এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে সহায়তা ও প্রণোদনার ব্যবস্থা নেওয়া।