পাকিস্তানের লাহোরের একটি কলেজে এক ছাত্রীকে ধর্ষণের খবরের জেরে ছড়িয়ে পড়া শিক্ষার্থী বিক্ষোভ থেকে আটক করা হওয়া ৩৮৮ জনকে মুক্তি দিয়েছে স্থানীয় একটি আদালত। গত শুক্রবার আদালতের আদেশের পর ৩৬৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে আর বাকি ২১ জনকে জামিন দিয়েছে আদালত। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক খবরে বলা হয়েছে, পাঞ্জাবের একটি কলেজের বেজমেন্টে একজন নারী শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এরপর পাঞ্জাবের প্রাদেশিক রাজধানী লাহোরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। রাওয়ালপিন্ডির পুলিশ কর্মকর্তা সাইদ খালিদ মাহমুদ হামদানি জানান, গত বৃহস্পতিবার শহরে বিক্ষোভে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৩৮৮ জনকে আটক করা হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ১৪৪ ধারা লঙ্ঘন করেছেন ও রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ করেছেন। সম্পত্তির ক্ষতি ও অগ্নিসংযোগ করেছেন তারা। পুলিশের গাড়িতে পাথর নিক্ষেপ করা হয়েছে। তবে পুলিশ, কলেজ
কর্র্তৃপক্ষ ও প্রাদেশিক সরকারের দাবি, কোনো ভুক্তভোগী অভিযোগ জানাননি। অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়েছিল। এ ঘটনার পর বৃহস্পতিবার লাহোর ও রাওয়ালপিন্ডির বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ হয়।