চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির

শেখ হাসিনা খুনের নেশায় মেতে উঠেছিলেন

শেখ হাসিনা খুনের নেশায় মেতে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘১৫ বছর শেখ হাসিনার সরকার জামায়াতের ওপর তা-ব চালিয়ে জামায়াতের শীর্ষ ১১ নেতাসহ শত শত নেতাকর্মীকে খুন করেছে। বিচারের নামে জনগণকে যেগুলো ধোঁকা দেওয়া হয়েছে, সেগুলোও খুন। ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে ছাত্র-জনতাকে খুন করেছে।’

গতকাল শনিবার চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘শেষ মুহূর্তে এসে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ১ আগস্ট আর আল্লাহতালা তাদের নিষিদ্ধ ঘোষণা করলেন ৫ আগস্ট।’ জামায়াতের আমির বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে মানুষ মনে করেনি। তারা দেশের মানুষের সেবকের পরিবর্তে মালিকে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ কখনোই সেবকের পরিচয় দিতে পারেনি’।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে ভোট দিতে দেয়নি। আমার যে যুবক বন্ধুটির বা আমার মেয়েটির বয়স ৩০-৩২ বছর বয়স তার তিনটি ভোট দেওয়ার কথা ছিল। কিন্তু এ দেশের যুবক তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদেশ থেকে কেউ যদি অন্যায় চাপ সৃষ্টি করতে চায়, তাদের বলব, এ জাতি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে। জাতি খুন, গুম, ধর্ষণ ও আয়নাঘরের বিরুদ্ধে-বিপক্ষে দাঁড়িয়েছে। এই জাতি সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠিত রোকন সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম, ড. মাওলানা কেরামত আলী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোখলেসুর রহমান।

রোকন সম্মেলনে জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ গড়তে তুলতে কাজ করার আহ্বান জানানো হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলার জামায়াতের রোকনরা অংশগ্রহণ করেন।