সিলেটে পুরনো কূপ সংস্কার

দৈনিক ৭-৮ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে আগামী মাসে

সিলেটের হরিপুরে বন্ধ হয়ে যাওয়া একটি পুরনো গ্যাসকূপ সংস্কার করে সেখানে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। কূপটি থেকে প্রতিদিন ৭-৮ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামী মাস থেকে জাতীয় গ্রিডে দেওয়া সম্ভব হবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

গ্যাস পাওয়ার খবর নিশ্চিত করে গতকাল মঙ্গলবার রাতে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সিলেট-৭ নামে ওই কূপটি ১৯৮৬ সালে মূলত তেলকূপ ছিল। সেখান থেকে পরে গ্যাস পাওয়া যায়। গ্যাস ফুরিয়ে যাওয়ায় গত জুন মাসে তা বন্ধ হয়ে যায়। এরপর জুলাই থেকে কূপটিতে ওয়ার্কওভার বা সংস্কার কার্যক্রম শুরুর পর সেখানে গ্যাসের সন্ধান মেলে। তিনি বলেন, গত ১৪ অক্টোবর কূপটির ২ হাজার ১০ মিটার গভীরে পরীক্ষা করে দৈনিক প্রায় সাত মিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব মেলে। আজ (গতকাল) কূপের আরেকটি স্তরে ১ হাজার ২০০ মিটার গভীরতায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া যায়।

এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, আশা করছি কূপটিতে ৮০ থেকে ৯০ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাস মজুদ রয়েছে। এখান থেকে প্রতিদিন গড়ে ৭-৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করছি। এখন বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা শেষে এক সপ্তাহ পর গ্যাসের প্রকৃত মজুদ এবং দৈনিক উত্তোলনের পরিমাণ জানা যাবে।

তিনি আরও বলেন, ‘যেহেতু এই গ্যাস জাতীয় গ্রিডে নিতে নতুন করে পাইপলাইন নির্মাণের দরকার নেই। সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এই গ্যাস গ্রিডে দেওয়া যাবে বলে আশা করছি।’