সাকিব ভাই উনার জায়গায়, আমি আমার জায়গায়: মিরাজ

সাকিব আল হাসান মানেই একজন স্পেশালিস্ট বোলার এবং একজন স্পেশালিস্ট  ব্যাটার। একের মাঝে দুই- এমন ক্রিকেটার গোটা বিশ্বেই খুব কম। দেশের ক্রিকেটের পরবর্তী সাকিব কে হবেন- এমন আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। যে নামটা সামনে আসছে, তিনি মেহেদী হাসান মিরাজ।

তরুণ এই অল-রাউন্ডার এখন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে নিয়মিত অবদান রাখছেন। আজ শেষ হওয়া মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও করেছেন ৯৭ রান। ম্যাচ শেষে তাকেই দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে পাঠানো হয়। এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, সাকিবের মতো কিংবদন্তির সঙ্গে নিজের তুলনাটা সঠিক নয়।

মিরাজের ভাষায়, ‘সবাই সবসময় একটা কথা বলে যে সাকিব ভাইয়ের জায়গায় আমি আসব। উনি কিন্তু ১৭ বছরে অনেক কিছু অর্জন করেছেন। বাংলাদেশের একজন লিজেন্ড ক্রিকেটার। আমি ব্যাটিংয়ে ধারাবাহিক ভাবে রান করা শুরু করেছি এক দুই বছর ধরে। সাকিব ভাই শুরু থেকেই রান করেছে। সাকিব ভাই ওনার জায়গায় আছেন, আমি আমার জায়গায়। একজন ক্রিকেটারের সঙ্গে আরেকজনের তুলনা না করলে ভালো হয়।’

সাকিবের জায়গা নেওয়ার চেষ্টা না করলেও সাকিবের মতো অলরাউন্ডার হিসেবে ধারাবাহিক হতে চান মিরাজ, ‘আমি যেখানে ব্যাটিং করি সেটা ৭-৮ নম্বরে। সাকিব ভাই সবসময় টপঅর্ডারে ব্যাট করেছেন। তো উনার মতো ব্যাট করাও তাই আমার জন্য কঠিন। কিন্তু আমার যখন সময় আসবে আমি অবশ্যই চেষ্টা করবো দলের প্রয়োজনে ভালো ক্রিকেট খেলার জন্য।’

মিরপুরে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন মিরাজ। এটা হতে পারত তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সেটা করতে না পারায় স্বাভাবিকভাবেই খারাপ লাগছে তার। সেই সঙ্গে দলের জন্য নিজের পরিকল্পনায়ও সফল হতে পারেননি মিরাজ, ‘একজন ব্যাটারের জন্য সেঞ্চুরি মিস করা সবসময়ই খারাপ লাগে। অবশ্যই খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা আমি যে পরিকল্পনায় খেলতে চেয়েছি ওটা যদি করতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমি চেয়েছিলাম দলকে যতদূর নেওয়া যায়। কিন্তু খুব বেশি এগোতে পারিনি।’