পরাজয়ের পর শান্ত কোথায় গেলেন?

ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে অধিনায়ককে আসতেই হবে এমন কোনো নিয়ম নেই, তবে এটা একটা রীতি। ম্যাচ জিতুক বা হারুক, অধিনায়ক এসে ডিফেন্ড করেন। 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০২:১৯ পিএম

মিরপুরের সংবাদ সম্মেলনকক্ষে তখনো দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে ঘিরে প্রশ্নোত্তর পর্ব চলছে। এর মাঝেই মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে প্রবেশ করলেন মেহেদি হাসান মিরাজ, যিনি মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন। কারও বুঝতে অসুবিধা হলো না যে, ম্যাচ শেষে দলের প্রতিনিধি হিসেবে মিরাজকেই পাঠানো হয়েছে।

ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে অধিনায়ককে আসতেই হবে এমন কোনো নিয়ম নেই, তবে এটা একটা অলিখিত রীতি। ম্যাচ জিতুক বা হারুক, অধিনায়ক এসে ডিফেন্ড করেন। আজ বুধবার মিরপুর টেস্টে বাংলাদেশের ৭ উইকেটে পরাজয়ের পর এই রীতির ব্যতিক্রম দেখা গেল। শান্ত নিজে না এসে পাঠালেন দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করা মিরাজকে।

সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এসে আশবাদ ব্যক্ত করেছিলেন অধিনায়ক শান্ত। এমনকী নিজের শট সিলেকশন নিয়ে এক প্রশ্নে সাংবাদিকদের পাল্টা আক্রমণ করে বলেছিলেন, ‘আপনাদের চেয়ে বেশি জানি কোন শট খেলতে হবে।’ মাঠের খেলায় অবশ্য শান্তর কথার প্রতিফলন দেখা যায়নি। সেখানে তিনি ব্যাট হাতে ব্যর্থ।

প্রথম ইনিংসে মুল্ডারের বলে বাজে শটে আউট হয়েছেন ৭ বলে ৭ রান করে। দ্বিতীয় ইনিংসে করেন ২৩ রান। এবারের আউট আরও দৃষ্টিকটু। কেশব মহারাজের বল ডিফেন্ড করতে গিয়ে সরাসরি পা দিয়ে আটকে দেন! আম্পায়ার আঙুল তুলতে কোনো দ্বিধাই করেননি। আজ সংবাদ সম্মেলনে এলে তাকে নিশ্চয়ই এসব প্রশ্নের মুখোমুখি হতে হতো।

এ কারণেই কি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলেন না শান্ত?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত