সবাইকে সাকিব ভাইয়ের পাশে থাকা উচিত: মিরাজ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০১:৪৫ পিএম

মিরপুর টেস্ট শেষ হয়ে গেল, কিন্তু দেশের মাটি থেকে সাকিব আল হাসানের বিদায় নেওয়া হলো না। হোম অব ক্রিকেটে তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক নাটকীয়তার পর সেটা সম্ভব হয়নি। কিন্তু সাকিবকে তো ক্রিকেট থেকে মুছে ফেলা যায় না। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এলো সাকিব প্রসঙ্গ।

সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা নিয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নানারকম ঘটনা ঘটেছে। শেষ পর্যন্ত সাকিবকে নিজের অবস্থান পরিস্কার করতে বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কথামতো সাকিব ফেসবুকে দুঃখপ্রকাশের পাশাপাশি নিজের অবস্থান পরিস্কার করেন। তবু মিরপুরে জনতার পাল্টাপাল্টি কর্মসূচির প্রেক্ষাপটে তার দেশে ফেরা হয়নি। দুবাই এসেই থামতে হয়েছে।

আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসা মেহেদি হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হয়, সাকিবকে তিনি মিস করেছেন কিনা? জবাবে মিরাজ বলেন, ‘সাকিব ভাই ইস্যুটা তো আমরা সবাই জানি। সে কীসের জন্য আসেনি বা খেলতে পারেনি… এটা কারও অজানা নয়। অবশ্যই সে একজন কিংবদন্তি ক্রিকেটার। সে বাংলাদেশের জন্য অনেক বড় কিছু করেছে সেটা সবাই জানি। কেউ অস্বীকার করতে পারবে না। যেহেতু সে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, আমার মনে হয় সবাইকে তার পাশে থাকা উচিত।’

টেস্ট শুরুর আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বলেছিলেন, সাকিবকে দেশের মাটিতে বিদায় দিতে না পারাটা দুর্ভাগ্যজনক, ‘‘কীভাবে দেখছি আসলে...যেটা বললাম দুর্ভাগ্যজনক (সাকিবকে মিরপুরে বিদায় দিতে না পারা)। যেটা হওয়া উচিত ছিলো। আমরা সবাই জানি কেন হয়নি। এটা নিয়ে টেস্ট ম্যাচের আগের দিন কথা এগুতে চাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত