রাজধানীর গুলিস্তানে দুই বাসের মধ্যে চাপা পড়ে নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে গুলিস্তান পাতাল মার্কেটের উপরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নজরুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
পথচারী সাইফুল ইসলাম জানান, গুলিস্তান পাতাল মার্কেটের উপর দিয়ে রাস্তা পার হওয়ার সময় দোয়েল পরিবহন ও স্টাফ কোয়ার্টার বাসের মাঝে চাপা পড়েন ওই ব্যক্তি। এতে গুরুতর আহত হন। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক হেদায়েত উল্লাহ জানান, নজরুল ধোলাইখাল এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন। আরামবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।
চিকিৎসকের বরাতে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।