তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন

যানজটে পথচারীদের ক্ষোভ 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১০:২১ পিএম

সড়কে চলাচলকারী মানুষের ক্ষোভের মুখে বাধ্য হয়ে রাস্তা ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। নিজেদের কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন এই শিক্ষার্থীরা। 
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীর আমতলী ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রাস্তায় চলাচলকারীরা। দুপুর ১টার দিকে অনেকটা বাধ্য হয়ে রাস্তা ছেড়ে চলে যান শিক্ষার্থীরা।

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপদেষ্টা নূর মোহাম্মাদ দেশ রূপান্তরকে বলেন, আমাদের পূর্ব নির্ধারিত সময়ে সড়ক অবরোধ করে আন্দোলন করা হয়েছে। দুদিন আগে প্রশাসনের কাছ থেকে এক ঘণ্টার জন্য আন্দোলন করার অনুমতি নেওয়া হয়েছে। আমাদের আন্দোলন ১১টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা ১২টার দিকে শুরু করে দুপুর ১টায় শেষ করেছি। এখানে পথচারীদের ক্ষোভের কোনো বিষয় নেই।

সড়ক বন্ধ করে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একটি বাসের গ্লাস ভাঙচুর ও একজন মোটরসাইকেল চালককে মারধর করার অভিযোগ ওঠে। এ সময় অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানান পথচারীরা। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে প্রথমে শিক্ষার্থীরা কলেজের ভেতরে বিক্ষোভ করেন। পরে আমতলীতে এসে অবস্থান নেন। 

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘জেগেছে রে জেগেছে, তিতুমীর জেগেছে,’ ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না, ‘ঢাবির আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘ঢাবির আগ্রাসন, মানি না, মানব না’ সহ নানা স্লোগান দেন।
গত কয়েক দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত