রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয়ে বাসায় ঢুকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মারুফ হাসান পল্লব (৩২) ও আব্দুল্লাহ আল মামুন সজিব (২৬)। এ সময় লুট হওয়া ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
তিনি বলেন, গত শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতনামা ৯-১০ জন দুষ্কৃতকারী উত্তরা-পশ্চিম থানার ১২নং সেক্টরের শাহ মখদুম এভিনিউ রোডের ৬১ নাম্বার বাসার ম্যানেজারকে জিম্মি করে বাসার ষষ্ঠতলায় ড. হারুনুর রশিদ হাওলাদারের ফ্ল্যাটে বিজিএমইএ ও শান্তা মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্র সমন্বয়কের পরিচয় দিয়ে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। দুর্বৃত্তরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করার পর ফ্ল্যাটে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে ফেলে এবং উপস্থিত ড. হারুনুর রশিদ হাওলাদারের স্ত্রী ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মমতাজ শাহানারাকে বলে তাদের ফ্ল্যাটে অবৈধ অস্ত্র ও টাকা মজুদ আছে। তারা পুলিশ ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ড. মমতাজ শাহানারার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা প্রদানে অস্বীকৃতি জানালে দুষ্কৃতকারীদের মধ্যে কয়েকজন তার সঙ্গে কথা বলতে থাকে এবং বাকিরা তার শোয়ার ঘর থেকে ৮৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নেয়। স্বর্ণালংকার ও টাকা লুট করে তারা রাত ২টা ৪০ মিনিটের দিকে চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআরও সঙ্গে নিয়ে যায়। এ ঘটনায় গত রবিবার ড. মমতাজ শাহানারা বাদী হয়ে অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় একটি মামলা করেন। পরে উত্তরা-পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার করে।