সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, এখনো সিদ্ধান্ত হয়নি।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে কুড়িগ্রাম-৪ আসনের সাবেক এমপি জাকির হোসেন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে এর আগে গত ১১ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরুর তথ্য জানায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সাবেক এ প্রতিমন্ত্রীর ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন ঘুষ লেনদেনের ‘হাট-বাজার’ ছিল বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ ও প্রকল্পের ঘুষের টাকা লেনদেন হতো ওই ভবনে বসেই। তার স্ত্রী ও ভাগ্নেসহ নিকটাত্মীয়রা ছিলেন দুর্নীতির মাধ্যম। গত বছর ডিসেম্বরে বাধ্য হয়ে ঘুষের টাকা ফেরতও দিতে হয়েছিল ‘জাকির সিন্ডিকেট’কে।
জাকির হোসেন ১৯৮১ সালে কুড়িগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হন। তিনি ২০১৫ সাল থেকে রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সকালে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাফা কামাল উদ্দীন ২০১৭ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়। ২০২৩ সালের ১২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় মোস্তফা কামালকে। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ আগস্ট ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা শেখ জামালকে গ্রেপ্তার করেছে ডিবি। বুধবার রাত ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। ডিবি সূত্রে জানা যায়, শেখ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর আওয়ামী লীগ ও দলের অঙ্গসংগঠনের পক্ষে এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন তিনি। শেখ জামাল দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।