স্তন ক্যান্সারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে গিয়ে বিপদেই পড়েছে ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের প্রতিষ্ঠান ‘ইউউইক্যান’। সমালোচনার ঝড় উঠতেই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। তবে মুদ্রিত বিজ্ঞাপন এখনও আছে বিভিন্ন জায়গায়। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
ভারতের হয়ে দুটি বিশ্বকাপজয়ী যুবরাজ নিজেও ক্যান্সার জয় করে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন। এরপর তিনি ‘ইউউইক্যান’ নামের এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। এই সংস্থা দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সাধারণ মানুষ তাদের উদ্যোগের প্রশংসা করলেও এবারের বিজ্ঞাপনের ছবি এবং ভাষা মেনে নিতে পারেননি।
আলোচিত বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে, একজন নারী হাতে দুটি কমলালেবু নিয়ে বাসে দাঁড়িয়ে আছেন। সামনে বসা এক নারীর কোলে এক ঝুড়ি কমলালেবু আছে। পিছনে আরও দুজন নারী। সবাই দাঁড়িয়ে থাকা নারীর দিকে তাকিয়ে আছেন। অন্য একটি বিজ্ঞাপনে দুজন নারীকে কমলালেবু কিনতে দেখা যাচ্ছে। সঙ্গে লেখা, ‘আপনি আপনার কমলালেবুকে কতটা ভালো চেনেন।’ আরেকটিতে লেখা, ‘মাসে একবার আপনার কমলালেবু পরীক্ষা করান।’
এই বিজ্ঞাপন প্রচার হতেই সামাজিক যোগাযোগমধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ভারতের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘দয়া করে স্তন শব্দটা চিৎকার করে বলতে শিখুন। আপনার মায়ের আছে, আপনার স্ত্রী, বোন, মেয়ের আছে। আপনারও আছে। এটাকে কোনোভাবেই কমলালেবু বলা যায় না।’
দিল্লির মেট্রোতে এই বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দিলে সেটা ভাইরাল হয়ে যায়। সেই ব্যক্তি লিখেছিলেন, ‘যদি স্তনকে স্তনই না বলতে পারি তাহলে সেই দেশে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা কীভাবে বৃদ্ধি পাবে? দিল্লির মেট্রোতে এই বিজ্ঞাপন দেখে প্রচণ্ড হতাশ হয়েছি। ‘আপনার কমলালেবু পরীক্ষা করান’ এই কথার অর্থ কী? কারা এই বিজ্ঞাপন বানায়? কারা অনুমতি দেয়? এমন বোকা মানুষেরাই কি সমাজটাকে চালাবে।’