৯ মাস পর কারামুক্ত ইমরান খানের স্ত্রী বুশরা বিবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি প্রায় ৯ মাস পর আদিয়ালা জেল থেকে মুক্তি পেয়েছেন। সাম্প্রতিক তোষাখানা মামলায় বুশরা বিবির জামিন মঞ্জুরের পর গত বৃহস্পতিবার তিনি মুক্তি পেলেন বলে জানিয়েছে পাকিস্তানের পত্রিকা দ্য ডন।

ইসলামাবাদের দুর্নীতিবিরোধী জবাবদিহি আদালত ইমরান খান এবং বুশরা বিবিকে তোষাখানা মামলায় ১৪ বছরের জেল দিয়েছিল। বুশরা বিবিকে গত ৩১ জানুয়ারিতে প্রথম পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বুশরা বিবিকে আদিয়ালা জেলে রাখা হয়েছিল। আর ইমরান খান গত বছর ৫ আগস্টে গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে বন্দি ছিলেন।

তোষাখানা মামলায় ইমরান এবং বুশরা বিবি গ্রেপ্তার হয়েছিলেন ১৩ জুলাই। একই দিন ইদ্দত বা ইসলামি বিধিবহির্ভূত বিয়ের মামলায় তাদের খালাস দেওয়া হয়।

পরের দিন কারান্তরীণ ইমরান খানকে গত ৯ মের এক ডজন মামলায় আবার গ্রেপ্তার করা হয়। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা জানান, ইসলামাবাদ হাইকোর্ট আগের দিন জামিন মঞ্জুর করার পর বৃহস্পতিবার কারাগার থেকে বুশরা বিবি মুক্তি পান।