গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ডহরগাঁও এলাকার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

পরে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলো পরিবারের গৃহকর্তা মোহাম্মদ বাবুল (৪৭), গৃহকর্ত্রী মোছাম্মৎ সেলি (৩৬), মো. সুয়েল (২২), মোসাম্মৎ মুন্নি (২০), মোহাম্মদ ইসমাইল (১৬) এবং মোছাম্মৎ তাসলিমা (১৩)।

দগ্ধ বাবুলের চাচা মোগল মিয়া এবং প্রতিবেশী জুয়েল রানা জানান, দগ্ধরা সবাই রূপগঞ্জের ফকির ফ্যাশনে পোশাক শ্রমিকের কাজ করত। তারা সবাই একই রুমে বসবাস করত। কাজ শেষে বাসায় ফিরে মশার কয়েল ধরাতে গেলে বিস্ফোরণে দগ্ধ হয় তারা। লাইনের গ্যাস লিকেজ হয়ে ওই ঘরে আগেই গ্যাস জমে ছিল। 

গতকাল শনিবার সকালে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জে  দগ্ধদের মধ্যে বাবুলের শরীরের ৬৬ শতাংশ, তার স্ত্রী শেলীর ৩০, সোহেলের ৭০, মুন্নির ২০, ইসমাইলের ৫৫ ও তাসলিমার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালিও পুড়ে গেছে। দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) ও হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি রাখা হয়েছে।