সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে পাকিস্তানের আইনজীবী ও মানবাধিকারকর্মী ইমান মাজারি এবং তার স্বামীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ আদেশ দেন। এর আগে গত সোমবার আবপাড়া থানায় করা মামলায় ইসলামাবাদ পুলিশ এই দম্পতিকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। ইসলামাবাদ পুলিশের বরাতে সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, একটি আন্তর্জাতিক ক্রিকেট দলের সফরের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, ইংলিশ দল তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে ছিল এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় রাওয়ালপিন্ডিতে। সফরকারী ইংল্যান্ড দলের ট্রাফিক প্রটোকলের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়। এ সময় সড়ক পারাপার হতে রাজধানী ইসলামাবাদে ট্রাফিক পুলিশের সঙ্গে এ দম্পতির ধস্তাধস্তির ঘটনা ঘটে। ইসলামাবাদ জিরো পয়েন্ট ক্রসিংয়ে দলগুলোকে স্টেডিয়ামে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
মামলায় তাদের বিরুদ্ধে পুলিশের ব্যারিকেড সরানোও চড়-থাপ্পড় মারার অভিযোগ রয়েছে।