রূপায়ণ সিটি ও মিটাস মেডিকেল চুক্তি স্বাক্ষর

প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিকমানের চক্ষুসেবা প্রতিষ্ঠান মিটাস মেডিকেল ইনকরপোরেটেডের সঙ্গে চুক্তি করেছে রূপায়ণ সিটি উত্তরার অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেড।

গতকাল মঙ্গলবার বিকেলে উত্তরায় রূপায়ণ সিটির ক্লাব বিল্ডিং বোর্ডরুমে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং মিটাস মেডিকেল ইনকরপোরেটেড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রিও নাগাই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় রিও নাগাই সরেজমিনে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে চোখের বেশ কিছু ক্ষতিকর বিষয় তুলে ধরেন।

মিটাস মেডিকেল ইনকরপোরেটেডের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার রিও নাগাই জানান, তারা শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের জাপানি পদ্ধতিতে চোখের চিকিৎসাসেবা দেবেন। এই প্রথম বাংলাদেশে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। রূপায়ণ সিটির গ্রাহকদের সেবার সুযোগ পেয়ে আনন্দিত বলে জানান রিও নাগাই।

রূপায়ণ সিটি উত্তরার অঙ্গ প্রতিষ্ঠান এক্সিলেন্স সার্ভিসেস লিমিটেডের বিজনেস হেড সৈয়দ রেজাউল হক রেজা বলেন, ‘রূপায়ণ সিটির বাসিন্দাদের জন্য একশোর বেশি সুযোগ-সুবিধা দিয়ে আমরা কাজ করছি। সিটির বাসিন্দাদের সুবিধার্থে বিভিন্ন সুযোগ-সুবিধা চালু করে তাদের জীবনযাপন সহজ ও সেবামূলক করতে আমরা বদ্ধপরিকর। এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটির বাসিন্দাদের শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে জাপানি পদ্ধতিতে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিটাস মেডিকেল ইনকরপোরেটেড বাংলাদেশের সমন্বয়ক নূর আশরাফ, শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর কোনো সান এবং এক্সিলেন্স সার্ভিসেসের প্রশাসন বিভাগের প্রধান মো. হাবিবুল্লাহ জুনায়েত উপস্থিত ছিলেন।