মাঠের বাইরে আঙুলের পরিচর্যা করছেন তাইজুল। আঙুলটা অসার হয়ে যাওয়াটাই তো স্বাভাবিক! এখন পর্যন্ত বোলিং করছেন ৪৬ ওভার। যদিও এটি তার সর্বোচ্চ থেকে অনেক দূরে। এই মাঠেই ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭.৩ ওভার বোলিং করেছিলেন তাইজুল। চট্টগ্রাম টেস্টের প্রথম ৫ উইকেট তিনি একাই শিকার করেছিলেন।
লাঞ্চের পর তাইজুলের সঙ্গে নাহিদ রানার ওপর ভরসা রেখেছিলেন অধিনায়ক নাজমুল। সেই প্রতিদান দিয়েছেন নাহিদ রানা। ফিরিয়েছেন রায়ান রিকেলটনকে। নাহিদ রানার ব্যাংক অফ লেংথে করা বলটিকে অফ সাইডে খেলতে চেয়েছিলেন রিকেলটন।
তবে বল নিচু হয়ে যাওয়ায় ব্যাটের নিচের কানায় লেগে চলে যায় মাহিদুল ইসলামের হাতে। টেস্ট ক্রিকেট এটি মাহিদুলের প্রথম ডিসমিসাল।
৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুতুসামি ও মুল্ডার। দক্ষিণ আফ্রিকার রান এখন ৬ উইকেটে ৪৬৪। ৪৪ রান নিয়ে ব্যাটিং করছেন মুল্ডার, ১৮ রান নিয়ে উইকেটে আছেন মুতুসামি।