সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে শুরু হয়েছে চোটের মিছিল, সেটা এখন অস্ট্রেলিয়া সফরে গিয়েও চলছে। লিটন দাসকে নিয়ে শুরু। জিম্বাবুয়ে সফরে গিয়ে চোটে পড়েন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা। তারা সেরে ওঠার আগে ডারউইনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট করার সময় আঙুলে চোট পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এজন্য আজ (শুক্রবার) বোলিং বা ফিল্ডিং করতে পারেননি তিনি।
তাইজুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, ‘তাইজুল ইসলামের গতকাল ব্যাটিংয়ের সময়ে আঙুলে ব্যথা লেগেছে। এরপর আমরা সেখানে ব্যান্ডেজ করে রেখেছি। আজ পুরো দিন বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল আমরা মূল্যায়ন করব।’
সাধারণত অন্যান্য প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সব সদস্যকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো যায়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ৩ দিনের এই ম্যাচটি কিছুটা আলাদা। সব মিলিয়ে ১৩ জন ক্রিকেটার খেলতে পারবেন প্রতিটি দলের হয়ে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ১ জন বাড়াতে চেয়েছিল। তবে এই প্রস্তাবে রাজি হয়নি স্বাগতিকরা। তবে তাইজুল চোটে পড়ায় মুশফিক হাসান সুযোগ পান। যদিও সুবিধা করতে পারেননি এই ডানহাতি পেসার। ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
মুশফিকের অন্তর্ভুক্তি নিয়ে জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘তাইজুলের পরিবর্তে আমরা আম্পায়ার এবং ওদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে মুশফিককে (হাসান) নিয়েছি, যাতে তাকে একটু দেখতে পারি। এজন্য মুশফিক বোলিং করেছে।’
