চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন স্পিন কোচ মুশতাক আহমেদ। আজ বুধবার দ্বিতীয় দিন শেষেও তিনিই এলেন। দলের বাজে পারফর্মেন্সের কারণে ক্রিকেটাররা মিডিয়া এড়িয়ে যাচ্ছেন কিনা- সেটাও বড় প্রশ্ন। প্রোটিয়াদের ৫৭৫ রানের জবাবে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানালেন মুশতাক।
সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল- ক্রিকেটাররা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন কিনা? জবাবে পাকিস্তানের কিংবদন্তি স্পিনার বলেন, ‘আমার মনে হয় না আত্মবিশ্বাসের অভাব আছে। হয়ত টেস্ট ক্রিকেটের প্রক্রিয়ার কোনো অভাব আছে। সেটা ম্যাচ সচেতনতার ব্যাপার হতে পারে। মানসিকভাবে শক্ত থাকতে হবে। পাঁচ ওভার দেখতে হবে। মাইন্ডসেট… তাদের শুধু পরিস্থিতি বুঝতে হবে।’
ফের প্রশ্ন গেল, তাহলে কেন হচ্ছে না? কেন ভালো করতে পারছে না দল? জবাবটা একটু দার্শনিকভাবেই দিলেন মুশতাক, ‘খুব ভালো প্রশ্ন। আপনি খুব সৎ প্রশ্ন করেছেন। আপনি কি একদিনে একটি গাছ বড় করে ফেলতে পারবেন? আপনি পানি দিতে থাকুন, বাগানের পরিচর্যাকারীর ওপর বিশ্বাস রাখুন। কখনো কখনো কোচ হিসেবে আমাদের বিশ্বাস করতে হবে। আপনি একদিনে গাছ বড় করতে পারবেন না। গাছটি কিছুদিন আগে-পরে আপনাকে দেখিয়ে দেবে যে সে ছায়া এবং ফল দিতে পারে।’