২ রানের জন্য ‘ডাবল সেঞ্চুরি’ হলো না তাইজুলের

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৫৮ পিএম

বল হাতে প্রায় ডাবল সেঞ্চুরি করেই ফেলেছিলেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টে প্রোটিয়াদের প্রথম ইনিংসে তিনি ৫ উইকেট নিয়েছেন। এটা তার ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট। কিন্তু তার এই পাঁচ উইকেট দলের কোনো কাজেই আসেনি! প্রথম ইনিংসে ৫৭৫ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা।

অতিথিদের ৫৭৫ রানের মধ্যে ১৯৮ রানই দিয়েছেন তাইজুল ইসলাম! মাত্র দুই রানের জন্য তার দুইশ রানের মাইলফলক ছোঁয়া হয়নি। অবশ্য তাইজুল বোলিং করেছেন সর্বোচ্চ ৫২.২ ওভার। মেডেন দিয়েছেন পাঁচটি। ওভারপ্রতি খরচ করেছেন ৩.৭৮ রান।

অবশ্য তাইজুল উইকেট শিকারে বিষেন সিং বেদিকে ছুঁয়েছেন, যাকে অনেকেই মনে করেন সর্বকালের সেরা বাঁহাতি স্পিনার। ভারতের সাবেক এই স্পিনারও টেস্টে ১৪বার ৫ উইকেট নিয়েছিলেন। ৬৭ টেস্টের ক্যারিয়ারে ১৪ বার ৫ উইকেট নিয়েছিলেন বেদি। তাইজুল তাকে এখানে ছুঁয়ে ফেলেন ৪৯তম টেস্টেই।

রান বিতরণে আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজও কম যাননি। ৩৯ ওভার বল করে উইকেটশূন্য থাকলেও রান দিয়েছেন ১৭১। পেসারদের মধ্যে কেবল নাহিদ রানা ৮৩ রানে ১ উইকেট নিয়েছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যবহার করা ৬ বোলারের ৪ জনই কোনো উইকেট পাননি। শেষ পর্যন্ত ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে নিষ্কৃতি দেয় প্রোটিয়ারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত