বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ লুৎফর রহমান কাশেমী নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার থাইল্যান্ডে ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইটে আহত ব্যক্তি থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এই তথ্য জানান।
মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে স্পাইনাল কর্ড ইনজুরিতে গুরুতর আহত মোহাম্মদ লুৎফর রহমান কাশেমীকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে ব্যাংকক ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট দেখে ভেজথানি হাসপাতালের মন্তব্য হচ্ছে, রোগীর মেরুদণ্ডের আঘাতের ধরণ নির্ণয় করা হয়েছে ও চিকিৎসার প্রাথমিক লক্ষ্য হবে রোগীর গতিশীলতার উন্নতি করে থেরাপির মাধ্যমে শরীরের পেশী শক্তিশালী করা।
ব্যাংককের হাসপাতালে আহত ব্যক্তির চিকিৎসায় ফিজিওথেরাপিসহ পিঠের ও পিঠের নিচের অংশের জন্য পেশী স্ট্রেচিং, কোর শক্তিশালীকরণ এবং ব্যথা কমানোর বিভিন্ন পদ্ধতি, যেমন- মাসাজ, আকুপাংচার, আল্ট্রাসাউন্ড, হট প্যাক, শকওয়েভ বা লেজার থেরাপির মতো কৌশল ব্যবহার করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
এছাড়া ব্যাংককে নিয়ে যাওয়া আহত ব্যক্তির ঘাড়ের চিকিৎসার জন্য আল্ট্রাসাউন্ড এবং হিট থেরাপি, লেজার থেরাপি, ঘাড়, পিঠ এবং কোর শক্তিশালী করার ব্যায়াম এবং ব্যথা কমাতে হাইড্রোথেরাপি ব্যবহার করা হবে বলেও মন্ত্রণালয় জানায়।