তেলে ভাজা পিঠা

গোলাপ পিঠা

উপকরণ

আতপ চালের গুঁড়া ২ কাপ, তরল দুধ ৪ কাপ, এলাচ বা দারুচিনির গুঁড়া সিকি চা চামচ, চিনি ৩ কাপ, তেল ১ লিটার, ময়দা ২ কাপ, ডিম ২টি, ঘি আধা কাপ, পানি ২ কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         হাঁড়িতে দুধ ফুটিয়ে এরই মধ্যে চালের গুঁড়া ও ময়দা দিয়ে সিদ্ধ কাই করে নিন। কাই যেন শক্ত হয়।

২.         সিদ্ধ কাইয়ে ডিম ভেঙে দিয়ে ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ান করতে হবে। এমনভাবে মাখতে হবে যেন হাতে না লাগে।

৩.         চিনি, পানি, এলাচ ও দারুচিনির গুঁড়া একসঙ্গে জ্বাল দিয়ে মাঝারি ঘনত্বের সিরা তৈরি করে রাখুন।

৪.         মেখে রাখা সিদ্ধ কাই থেকে পরিমাণমতো কাই নিয়ে ছোট রুটি বেলে বা বড় রুটি বেলে গোল কাটার বা বোতলের মুখ দিয়ে কেটে জোড়া দিয়ে গোলাপ তৈরি করুন।

৫.         ডুবো তেলে মচমচে করে ভেজে সিরায় ফেলুন। সিরা থেকে ৫-৭ মিনিট পর তুলে পরিবেশন করুন। নকশি পিঠা

উপকরণ

চালের গুঁড়া ২ কাপ, লবণ আধা চা চামচ, বাঁশের চটা প্রয়োজনমতো, পানি ২ কাপ, খেজুর কাটা কয়েকটি, তেল আধা লিটার।

সিরা তৈরি

চিনি বা গুড় ২ কাপ, এলাচ ৩টি, তেজপাতা ১টি, পানি ২ কাপ, দারুচিনি ২ টুকরো।

যেভাবে তৈরি করবেন

১.         হাঁড়িতে পানি ফুটিয়ে লবণ ও চালের গুঁড়া দিন। মাঝারি আঁচে ঢেকে সেদ্ধ করুন ১০ মিনিট। নাড়বেন না।

২.         আঁচ কমিয়ে হাঁড়ি চুলায় রেখে নেড়ে কাই করে নিন।

৩.         হাঁড়ি থেকে নামিয়ে কাই মথে তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

৪.         কাই ৬ ভাগ করে প্রত্যেক ভাগে আধা ইঞ্চি পুরু রুটি বেলে নিন। রুটির ওপর হাত দিয়ে তেল মেখে খেজুরের কাঁটা দিয়ে নকশা করুন। পিঠার চারদিকে বাঁশের চটা দিয়ে দাগ কেটে দিন।

৫.         লোহার কড়াইয়ে তেল গরম করে মৃদু আঁচে পিঠা ভাজুন। পিঠা যেন ভেতরে ও বাইরে সমান ভাজা হয় এবং ভাজা যেন গাঢ় না হয়।

৬.         সিরার সব উপকরণ জ্বাল দিয়ে মাঝারি ঘনত্বের সিরা তৈরি করে নিন।

৭.         ভাজা পিঠা সিরায় দিয়ে ২ থেকে ৩ বার উল্টে দিন। ৫ থেকে ৬ মিনিট পর সিরা থেকে তুলে পিঠা পরিবেশন করুন।

তেলের পিঠা

উপকরণ

আতপ চালের গুঁড়া ২ কাপ, খেজুর বা পাটালি গুড় ২ কাপ, পানি আধা কাপ, লবণ ১ চিমটি, তেল ১ লিটার।

যেভাবে তৈরি করবেন

১.         আধা কাপ আতপ চালের গুঁড়া চুলায় পানি ফুটিয়ে নরম সেদ্ধ কাই করে নিন।

২.         পরিমাণ মতো পানিতে গুড় ভেঙে দিয়ে জ্বাল করে গুড় গলিয়ে ঠান্ডা করে নিন।

৩.         সেদ্ধ কাই, লবণ ও বাকি আতপ চালের গুঁড়া এবং গুড় জ্বাল দেওয়া পানি দিয়ে ঘন গোলা করে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন।

৪.         লোহার গর্ত কড়াই চুলায় বসিয়ে তেল গরম করে নিন।

৫.         খুব গরম তেলে এক ডাবানো চামচে গোলা দিন। পিঠা ফুলে উঠলে চুলার আঁচ মাঝারি করে দিন। এভাবে পিঠা ভেজে ঠান্ডা করে পরিবেশন করুন।

ফুলঝুরি

উপকরণ

ময়দা ১ কাপ, ডিম ২টি, চিনি সিকি কাপ, তেল আধা লিটার, বেকিং পাউডার সিকি চা চামচ, দুধ ১ কাপ, লবণ সিকি চা চামচ, ফুলঝুরি নকশা ইচ্ছামতো।

যেভাবে তৈরি করবেন

১.         ডিম, চিনি, লবণ ও দুধ একসঙ্গে ফেটিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে ময়দা মাখুন। মাঝারি ঘনত্বের গোলা তৈরি করুন। গোলা পাতলা বা ঘন হলে প্রয়োজনে ময়দা বা দুধ মেশান। ইচ্ছা হলে পছন্দমতো রঙও মেশাতে পারেন। ৩০ মিনিট ঢেকে রাখুন।

২.         চুলায় ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে গরম হলে ফুলঝুরি নকশা তেলে ডুবিয়ে রাখুন। এতে নকশা থেকে পিঠা ছাড়াতে সুবিধা হবে।

৩.         বড় কড়াইয়ে তেল গরম করে ডোবানো নকশা তুলে নকশার অর্ধেক পরিমাণ গোলায় ডুবিয়ে উঠিয়ে কড়াইয়ের তেলে ডুবিয়ে দিন। বাদামি করে ভেজে নিন।