৪৯তম জেল হত্যা দিবস পালন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জানাতে গেলে পুলিশি বাঁধার সম্মুখীন হয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের ফেরিফায়েড ফেইসবুক পেইজে এমন অভিযোগ করা হয়।
দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দলীয়ভাবে কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। সরেজমিন দেখা যায়, বনানী কবরস্থানে পুলিশ দুটি গেইট বন্ধ করে পাহারা দিচ্ছে। দীর্ঘ সময় চেষ্টা করেও আওয়ামী লীগের কেউ জাতীয় নেতাদের কবরস্থানে প্রবেশ করতে পারেননি।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক উপ-মানব সম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক কপিল হালদার সজল, সাবেক সহসভাপতি রুহুল আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম নাজমুল হাসান, সাবেক সহসভাপতি হাসান আহম্মেদ খান, যুবনেতা জহির তালুকদার প্রমুখ।
১৯৭৫ সালের এই দিনে গভীর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।