মির্জা ফখরুল

শাহাদাত ভোটে জিতেছিলেন ফল কেড়ে নিয়েছে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৪২ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ডা. শাহাদাত হোসেন ভোটে প্রতিযোগিতা করে জয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস্টরা জোরপূর্বক সেই ফলাফল কেড়ে নিয়েছিল।

রবিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাতের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিচার বিভাগ ন্যায়বিচারের মাধ্যমে ডা. শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেছেন। আদালতের রায় মেনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।

অপরদিকে ফ্যাসিস্টরা যাতে আগামীতে ফিরে আসতে না পারে সে সতর্কবার্তা দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টদের বিদায় জানানো হয়েছে। আগামী দিনগুলোতে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে। জনগণের দুর্বার প্রতিরোধের মাধ্যমে ফ্যাসিবাদ যেন চিরতরে নির্মূল হয়। 

এ সময় নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় দেশবাসীর সেই প্রত্যাশা করেন মির্জা ফখরুল। শ্রদ্ধা নিবেদনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ চট্টগ্রাম বিএনপি মহানগর ও বিভাগীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত