পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে রেকর্ড মাত্রার বায়ুদূষণের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল রবিবার পরিস্থিতি মোকাবিলায় শহরটিতে সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার লাহোর শহরের বায়ুদূষণ সূচক পাকিস্তান-ভারত সীমান্তের কাছাকাছি ১ হাজার ৯০০ ছুঁয়েছে। যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। প্রাদেশিক সরকার এবং সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে প্রাপ্ত তথ্যমতে, রবিবার লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে ছিল।
প্রদেশের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে বলেন, শহরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। অভিভাবকদের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নাগরিকদের ঘরে থাকতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ জানানো হয়েছে। গাড়ির দূষণ কমাতে ৫০ শতাংশ কর্মী বাসা থেকে কাজ করবেন বলে জানিয়েছেন মন্ত্রী আওরঙ্গজেব।