ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্য গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) এ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।
গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল আইজিপি যুক্তরাজ্যে পৌঁছান। এর আগে শনিবার রাতে তিনি ঢাকা ত্যাগ করেন। সম্মেলনে দুই সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন আইজিপি। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী।
অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানি, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইতালিÑ এ ১৩টি দেশের পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা ও মতবিনিময় সভা হবে।
এ ছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় পুলিশি সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা, এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ, টেকসই বহুপাক্ষিকতা-একটি সমন্বিত বিশ^নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যৎ এ চারটি প্রধান ইন্টারেকটিভ প্যানেল থাকবে; যা সংস্থাটির বৈশি^ক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে। এ ছাড়া ইন্টারপোলের বিভিন্ন আইন ও বিধি সংশোধন, এক্সিকিউটিভ কমিটির নির্বাচন, বাৎসরিক বাজেট প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।
পুলিশপ্রধানের ৯ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।