দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও চারজন মারা গেছে। এ সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩০৬ জন রোগী। এ নিয়ে এ মাসের গত তিন দিনে মারা গেল ১৭ ও ভর্তি হলো ২ হাজার ৬৫৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ এবং তাদের মধ্যে একজন ৬-১০ বছর বয়সী শিশু ও অন্যজন ৪১-৪৫ বছর বয়সী। নারী দুজন হলেন ২৬-৩০ বছর বয়সী ও ৩১-৩৫ বছর বয়সী। মৃতদের দুজন ঢাকা উত্তর সিটিতে এবং একজন করে ঢাকা দক্ষিণ সিটিতে ও চট্টগ্রাম বিভাগে ভর্তি ছিল।
এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেল ৩১৪ জন। তাদের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ১৬১ জন বা ৫১ শতাংশ নারী ও ১৫৩ জন বা ৪৯ শতাংশ পুরুষ।
এ বছর সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা দক্ষিণে ১৪৭ ও সর্বনিম্ন একজন করে রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে। এ ছাড়া ঢাকা উত্তরে ৫৪, বরিশাল বিভাগে ৩৮, চট্টগ্রাম বিভাগে ৩১, খুলনা বিভাগে ১৯, ঢাকা বিভাগে ১৪, ময়মনসিংহ বিভাগে সাত ও রংপুর বিভাগে দুজন মারা গেছে।
নতুন রোগীদের মধ্যে ৬৩ শতাংশ বা ৮২৩ জনই পুরুষ, বাকি ৪৮৩ জন বা ৩৭ শতাংশ নারী। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটিতে ২৭৭ ও সর্বনিম্ন ৯ জন সিলেট বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগে ২৫৫, চট্টগ্রাম বিভাগে ২১৪, খুলনা বিভাগে ১৫৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, বরিশাল বিভাগে ১১৮, রাজশাহী বিভাগে ৫৭, রংপুর বিভাগে ৪৭ ও ময়মনসিংহ বিভাগে ৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
এ নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৬৪ হাজার ৪৭১ জন। তাদের মধ্যে ৬৩ শতাংশই পুরুষ ও ৩৭ শতাংশ নারী। সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩ হাজার ৭৮৭ ও ঢাকা দক্ষিণ সিটিতে ১২ হাজার ৪২৯ এবং সর্বনিম্ন রোগী গাজীপুরে তিনজন।