কারও কার্যালয় বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে এর বিচার হবে। কিন্তু তার বাড়িঘর বা কার্যালয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগে সমর্থন করে না বিএনপি। যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না তাদের হয়রানি করা বিএনপি সর্মথন করে না। দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই বহুদলীয় গণতন্ত্র ও গণমানুষের শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাস করেন।’
গতকাল সোমবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি।
রিজভী বলেন, ‘সম্প্রতি ঢাকা ও খুলনায় রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাস করে।’
তিনি আরও বলেন, ‘অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। অপরাধ করলে বিএনপির নেতাকর্মী হলেও ছাড় পাবে না।’
নগরকান্দায় বিএনপি নামধারী কথিত নেতা সালাহউদ্দিন কবির বিধবা আসমা বেগমের বাড়ি ভাঙচুর ও দখল করে নিয়েছেন বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। দ্রুত তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীকে সরেজমিনে খোঁজখবর নেওয়ার এবং আসমা বেগমকে সহযোগিতার নির্দেশ দেন। দখলকারী বিএনপির নেতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
গতকাল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা রিজভী সেখানে যান এবং এবং ভুক্তভোগী আসমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপি নামধারী কথিত ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
আসমা বেগমের বাড়ি পরিদর্শনের সময় রিজভীর সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ। এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সসদ্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।