দুর্গাপূজায় আহত তাঁতিবাজারের তিন রোগী সুস্থ, শিগগিরই ফিরবেন বাসায়

গত ১১ অক্টোবর দুর্গাপূজার সময় পুরানা ঢাকার তাঁতিবাজার পূজামণ্ডপে দুষ্কৃতকারীদের হামলায় আহতরা বর্তমানে সুস্থ আছেন। বর্তমানে তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিগগির তাদের ছুটি দেওয়া হবে।

আজ মঙ্গলবার হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মাজহারুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

হাসপাতাল থেকে জানানো হয়, গত ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্গাপূজা উদযাপনের সময় তাঁতিবাজার থেকে আহত অবস্থায় পাঁচজন রোগী হাসপাতালের জরুরি বিভাগে আসেন। রোগীদের মধ্যে দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তারা হলেন তাঁতিবাজারের ৫৫/১ প্রসন্ন পোদ্দার লেনের দিপ্ত দে (২২) ও ৮৬, তাঁতিবাজারের সাগর ঘোষ (২২)।

হাসপাতাল থেকে জানানো হয়, রোগীদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ভর্তির দিনই তাদের জরুরি অস্ত্রোপচার করা হয়। পরদিন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালে আসেন, রোগী ও রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ব্যয় সরকারিভাবে বহনের নিদের্শ দেন। হাসপাতাল থেকে বলা হয়েছে, বর্তমানে এই তিন রোগী সুস্থ আছেন এবং বাসায় চলে যাওয়ার জন্য প্রক্রিয়াধীন রয়েছেন।