স্বাক্ষর জালিয়াতি: সাংবাদিক দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

সাক্ষর জালিয়াতি মামলায় সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। লেখক ও সম্পাদক অমিতাভ দেউরীর করা মামলায় আজ মঙ্গলবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আমলি আদালত সিআইডিকে তদন্ত রিপোর্ট জমার নির্দেশনা দেন।

সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জেল থেকে প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক দুটি সরকারি বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে প্রায় ২১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক অমিতাভ দেউরী।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে দেশের ৬৫৭০০ প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই কেনে। সেসময় একাধিক গণমাধ্যমে প্রকল্পের ক্রয় নিয়ে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ প্রচারিত হয়। এর প্রেক্ষিতে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। স্বাক্ষর জালিয়াতি মামলার বাদী অমিতাভ দেউরী অভিযোগ করেন, সেই রিট মামলায় বিবাদী নাজমুল ও তার স্ত্রী শারমিন অমিতাভের স্বাক্ষর নকল করে ভুয়া মানি রিসিট ও জাল প্রত্যয়ন পত্র তৈরি করেন এবং আদালতে জমা দেন। মানি রিসিটে বর্ণিত তারিখে অমিতাভ দেউরী দেশে ছিলেন না বলে দাবি করেছেন। প্রত্যয়ন পত্রেও অমিতাভের বাব-মায়ের নাম মিলছে না।

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের বহুল আলোচিত সেই  ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে প্রায় ২৯ কোটি টাকার বই কেনা হয়। যার মধ্যে সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার মালিকানাধীন জার্নি মাল্টিমিডিয়া ও স্বাধিকা পাবলিশার্শকেই পরিশোধ করা হয়েছে প্রায় ২১ কোটি টাকা। সেসময় প্রকল্পের অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির বিষয়ে দেশের অধিকাংশ গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল।

বই বিক্রির রয়্যালটি বাবদ পাওনাদার পক্ষ ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে’র প্রাপ্য টাকাও পরিশোধ করেনি বিতর্কিত এই টেলিভিশন সাংবাদিক নাজমুল হোসেনের মালিকানাধীন প্রতিষ্ঠান জার্নি মাল্টিমিডিয়া লি.। টাকা উদ্ধারে মন্ত্রণালয় একাধিক বার নির্দেশনা দিলেও তা গ্রাহ্য করেননি সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেনের বিশেষ স্নেহধন্য এই সাংবাদিক।

ওই একই প্রকল্পে ক্রয়কৃত বাংলাদেশ জেলের মালিকানাধীন ‘৩০৫৩’ বইটি নিয়েও গ্রন্থসত্ত্ব জালিয়াতির অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জেল ছিল ওই বইটির প্রথম প্রকাশক। কারা কর্তৃপক্ষের অর্থে নির্মিত এই সরকারি বইটিও নাজমুল হোসেন একইভাবে জালিয়াতি করে কপিরাইট নিয়ে বিক্রি করেছেন বলে জানা যায়। কারা কর্তৃপক্ষ নাজমুল হোসেনের অনুকূলে জার্নির বাণিজ্যিক সত্ত্বের বিরুদ্ধে কপিরাইট অফিসে অভিযোগ জানিয়েছিল। তৎকালীন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা তখন গণমাধ্যমকে জানিয়েছিলেন ‘৩০৫৩ বইটির প্রকাশক কারা অধিদপ্তর৷ কিন্তু এর প্রকাশক কিভাবে পরিবর্তন হলো তা আমি ঠিক  বলতে পারছি না৷’। তবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ এই প্রভাবশালী সাংবাদিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে দেখা যায়নি।

জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শারমীন সুলতানা ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন স্বামী-স্ত্রী। নাজমুল হোসেন বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সংগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয় বিটে কর্মরত ছিলেন। শারমিন সুলতানাও একই টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ ও উপস্থাপনা করতেন।

উল্লেখ্য, শাহিনবাগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অবরুদ্ধ করার ঘটনার তদন্তেও নেপথ্যের নায়ক হিসেবে সাংবাদিক নাজমুল হোসেনের নাম উঠে আসে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই দেশত্যাগ করেন নাজমুল। ওইদিন হাসিনার পতনের খবর শুনে আর অফিসেও ফেরেননি তিনি- এমনটাই জানিয়েছেন তার সহকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত