অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ এই অর্থদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, উপজেলার হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী এলাকায় ইজারা ব্যতীত শঙ্খনদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপরাধ স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজিম উদ্দিন খোকনকে ১ লাখ টাকা, আজগর আলীকে ৫০ হাজার টাকা ও জাহেদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখছে উপজেলা প্রশাসন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত