জম্মু-কাশ্মীরের মর্যাদা ফেরাতে প্রস্তাব পাস

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের হারানো বিশেষ মর্যাদা ফেরাতে রাজ্যের বিধানসভায় এক প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল বুধবার আচমকাই এই প্রস্তাব পেশ করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুরেন্দ্র চৌধুরী। পরে বিজেপি সদস্যদের বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়। বিধানসভার অধিবেশন শুরুর প্রথম দিনেই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফিরিয়ে দেওয়ার দাবিতে এক প্রস্তাব পেশ করেছিলেন পিডিপি নেতা ওয়াহিদ পারা। যদিও তখন স্পিকার তা গ্রহণ করেননি।

সরকারের পক্ষ থেকে আনা প্রস্তাবে অবশ্য সরাসরি ৩৭০ অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়নি। একটু ঘুরিয়ে বলা হয়েছে, সাংবিধানিক রক্ষাকবচ ও বিশেষ মর্যাদা পুনঃস্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা  শুরু করতে হবে। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হওয়ার পরই স্পিকার সভা মুলতবি করে দেন। ফলে এ নিয়ে আলোচনার কোনো অবকাশ ছিল না বিধানসভায়। বিজেপির সদস্যরা ওই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন।

প্রস্তাব গৃহীত হওয়ার পর ওমর আবদুল্লাহ বলেন, রাজ্যবাসীর মর্যাদা ও অধিকার ছিনিয়ে বিজেপি যে ঠিক করেনি এবং জনগণ যে তা সমর্থন করেনি, ভোটের ফলই তার প্রমাণ।