রাজধানীর মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত-আহত শিক্ষার্থীদের পরিবার-বন্ধু-স্বজন ও আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আসামি গ্রেপ্তারে গড়িমসি করছে থানা পুলিশ। এ সময় গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্র-জনতা।
গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন তারা। পরে পুলিশদের সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষের সামনে বিক্ষোভও করেন। বিক্ষোভের মুখে নিজ কক্ষ থেকে বেরিয়ে ওসি গিয়াস উদ্দিন ছাত্র-জনতার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় জুলাই-আগস্টে গণহত্যার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তারে অগ্রগতি না থাকার কৈফিয়ত চান তারা। অন্যদিকে পুলিশের কাছে সন্তান হত্যার বিচার চান স্বজনরা। চিহ্নিত হত্যাকারীরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানান তারা। এ সময় বিক্ষুব্ধদের সান্ত¡না ও আসামি গ্রেপ্তারে আশ্বস্ত করেন মিরপুর মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।
আন্দোলনে মিরপুরে শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, আমার ছেলে হত্যার মামলার একজন আসামিও গ্রেপ্তার হয়নি। আমি যোগাযোগ করেছি। একদিন রাতে ওসিকে ফোন করেছি। তিনি দুজন সিভিলে পুলিশ পাঠান। তাদের আমি নিজে দেখিয়েছি আমার ছেলে হত্যা মামলার আসামিদের। কিন্তু পুলিশ সেদিন গ্রেপ্তার করেনি আসামিদের।
এ সময় ওসি গিয়াস উদ্দিন বলেন, নির্দ্বিধায় আসামি গ্রেপ্তার করছি। সব মামলায় আমরা সোচ্চার আছি। ৫ আগস্টের আগে যারা শহীদ হয়েছেন সেসব মামলা বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনিটরিং করছে। আসামি গ্রেপ্তারও হচ্ছে। ইতিপূর্বে আমাদের থানায় একশোর বেশি আসামি গ্রেপ্তার হয়েছে। অনেককে টাকা খেয়ে ছেড়ে দেওয়ার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। আদালত থেকে কেউ জামিনে বেরিয়ে গেলে আমাদের কিছু করার নেই। আমরা আসামি গ্রেপ্তারে তৎপর আছি।
বৈষম্যবিরোধী ছাত্রসমাজের মিরপুরের সমন্বয়ক এস এম সায়েম বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কারণেই আমাদের থানায় আসতে হচ্ছে, গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাতে হচ্ছে। আমাদের দাবি আদায়ে আমরা লাগাতার কর্মসূচি চালিয়ে যাব।