এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য ভোটগ্রহণ হয়।
এতে পরিচালক পদে লিয়াকত আলী খাঁন মুকুলসহ ১৫ জন নির্বাচিত হন। পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকরা। সমান সাতটি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এজন্য সভাপতি পদে আবারও ভোটগ্রহণ হবে। নির্বাচনে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান অ্যাটকোর নতুন কমিটির সাধারণ সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
লিয়াকত আলী খাঁন মুকুল ছাড়াও নতুন নির্বাচিত অন্য পরিচালকরা হলেন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক।
আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।