পরিবেশ উপদেষ্টা বললেন

পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘নতুন বাংলাদেশ গঠনে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বন সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ভালো উদ্যোগ শুরু করে রেখে যেতে চাই।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে ‘নতুন বাংলাদেশে পরিবেশ, জলবায়ু ও রাজনীতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে কর্মপরিকল্পনা প্রণয়ন চলছে। এ লক্ষ্যে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পানিসম্পদ, ভূমি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে এই কর্মপরিকল্পনা করছে। ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকে (রাজস্ব) এই গ্রুপের আহ্বায়ক করা হয়েছে।

তিনি বলেন, এই গ্রুপে পানি উন্নয়ন বোর্ড, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, নদী রক্ষা কমিশন, সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি রাখা হয়েছে। তারা একটি কর্মশালা আয়োজন করে প্রাথমিক কর্মপরিকল্পনা তৈরি করবে। চূড়ান্ত কর্মপরিকল্পনা ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইপি সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, জাতীয় নাগরিক কমিটির আরিফুল ইসলাম আদিব এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ ও তরুণ পরিবেশকর্মীরা অংশ নেন এবং মতবিনিময়ে করেন।