নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বৃদ্ধের পা বিচ্ছিন্ন 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জিরো লাইনে মাইন বিস্ফোরণে নুরুল হক নামে এক বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবুনিয়া এলাকার সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা নুরুল কবির জানান, শুক্রবার জুমার নামাজের আগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তায় এসে বিভিন্ন জায়গাতে মাইন বসিয়ে চলে যায়। জুমার নামাজের পরে বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পায় এক বৃদ্ধ ঘটনাস্থলে কাতরাচ্ছেন।

এ সময় ভাজাবুনিয়ার মরহুম আব্দু শুক্কুরের ছেলে আনুসহ কয়েকজন গিয়ে আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

ভাজাবুনিয়ার আনু জানান, দুপুর ২টার দিকে ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবুনিয়া এলাকার সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে নুরুল হক বাম পা হারান। তিনি রোহিঙ্গা নাগরিক বলেও জানান।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান,আহত নুরুল হককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, আহত রোহিঙ্গা নাগরিককে ঘটনাস্থল হতে উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।