মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতায় সম্মান দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চায় যুক্তরাষ্ট্র। পাশাপাশি যেকোনো হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা দেখতে চায় দেশটি। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার বলেন, ‘আগেও এ বিষয়ে আমরা আলোচনা করেছি। বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্পষ্ট করে বলেছি, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন দেখতে চাই। যেকোনো ধরনের হামলার জন্য দায়ী ব্যক্তিদের বাংলাদেশের আইন অনুযায়ী জবাবদিহির আওতায় আনা দেখতে চাই।’ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশে^র অন্য যেকোনো জায়গার ক্ষেত্রেই একইরকম অবস্থান যুক্তরাষ্ট্রের।