‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ

কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তার নিঝুমের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। তবে এরিন মারা গেলেও নবজাতকটি সুস্থ রয়েছে।

নিহত এরিন কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী ইউনিয়নের শিবপুর এলাকার মোবারক হোসাইনের মেয়ে। বছর খানেক আগে এরিনের পারিবারিকভাবে পার্শ্ববর্তী ইসমিত পাশা দিদারের সঙ্গে বিয়ে হয়। এটি তার প্রথম সন্তান ছিল। 

এরিনের মামা হাসনাত জানান, এইচ আর হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে ডা. নিঝুম আমার ভাগনির অপারেশন করেন। ওইদিন অস্ত্রপচার হলেও গতকাল শুক্রবার দুপুরে এরিনের অবস্থার অবনতি হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এরিনের পালস খুঁজে না ফেলে তাকে আইসিউতে নেওয়ার পরামর্শ দেন। পরে এরিনকে পার্শ্ববর্তী মুন হাসপাতালে নিয়ে গেলে সেখানে আল্ট্রাসনোগ্রাফি করানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান- তার পেটে রক্তক্ষরণ হচ্ছে। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়ে এরিন।’

doctor

এইচ আর হাসপাতালের চিকিৎসক নিঝুম অস্ত্রপচারের সময় এরিনের একটি নাড়ি কেটে ফেলায় তার ভাগনির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে প্রসূতি এরিনের বাবা মোবারক হোসাইন বলেন, ‘তারা আমার মেয়ের নাড়ি কেটে ফেলেছে। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সময় পার করেছে। তাদের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচার দাবি করছি আমি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রশ্ন করা হলে তারা কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

অপরদিকে, আজ শনিবার সকালে অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে ডা. নিঝুমকে একাধিকবার কল দিলে তার মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনা শোনামাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযোগ পেলে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।’

এরিনের মৃত্যুর বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, ‘আমরা তদন্ত টিম পাঠাচ্ছি। তদন্ত টিম এখন এইচ আর হাসপাতালে যাবে। এ সকল মৃত্যু সত্যিই দুঃখজনক।  আমাদের ব্যর্থতা হচ্ছে এ সকল ক্ষেত্রে আমরা রোগীর আত্মীয়স্বজন থেকে কোনো অভিযোগ পাই না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’