চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার মধ্যরাতে এক্সপ্রেসওয়ের ইপিজেড অংশে এ ঘটনা ঘটে। ওই দুজন হলেন মো. মোক্তার (২৮) ও মো. রুবেল (৩৬)। তারা নগরীর সদরঘাট এলাকার বাসিন্দা।
এদিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকার ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে ফেরার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইপিজেডের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গেল দুই তরুণ নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ইপিজেড স্টেশনের লিডার নূর হোসেন বলেন, রাত ১২টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় ফাঁকা ছিল। মোটরসাইকেলটি পতেঙ্গা থেকে শহরের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যায়। বাইকটি লাশের অবস্থান থেকে প্রায় ১০০ হাত দূরে চলে যায়। তিনি আরও বলেন, তারা ১০০ কিলোমিটারের বেশি গতিতে হয়তো গাড়ি চালাচ্ছিলেন। অন্যথায় এখানে কোনো বাঁক না থাকার পরও কেন দুর্ঘটনা ঘটল। এ ছাড়া রোড ডিভাইডার কিংবা রেলিংয়ে কোনো আঘাতের চিহ্নও নেই।
খিলক্ষেতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ : রাজধানীর খিলক্ষেত এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী আলী আসাদ (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।
মুলাদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু : বরিশালের মুলাদী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থানের দেয়ালে ধাক্কা খেয়ে দুই বন্ধু নিহত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের নোমরহাট বাজারসংলগ্ন সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন গুরুতর আহত হন।
নিহতরা হলেনÑ উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সামসুল হক ভূঁইয়ার ছেলে মো. স্বপন ভূঁইয়া (৩৫) এবং রশিদ ব্যাপারীর ছেলে মো. কাওসার হোসেন (২৫)। তারা দুজনই পেশায় অটোরিকশাচালক ছিলেন। আহতরা হলেন একই গ্রামের আলম ব্যাপারীর ছেলে মো. নাইম (২৫) এবং কায়েতমারা গ্রামের পথচারী মো. লোকমান চৌকিদার (৬২)।
চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত দুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বৃদ্ধ লোকমান চৌকিদারের পা ভেঙে গেছে এবং নাইম মুখে আঘাত পেয়েছেন।
পীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত : রংপুরের পীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রংপুর মহানগরীর উত্তর হাজিরহাট পূর্বপাড়ার রাজেন্দ্র কুমারের ছেলে রতন কুমার দে (৪০)। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি বাস পীরগঞ্জের জামতলা নামক স্থানে পৌঁছালে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন নিহত ব্যক্তির পরিবার চাইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমলগঞ্জ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল আরোহীর : মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হামদান সোহাম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হয়। গতকাল সকালে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাম মৌলভীবাজারের কাগাবলা এলাকার বদরুল ইসলামের ছেলে। আহতরা হলেন মৌলভীবাজার সদরের মুসলিমবাগ এলাকার নূরে আলমের ছেলে নাছির আহমেদ (১৭) ও বড়ম-ল সমপাশি এলাকার মঈন উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (১৮)।
আহত নাছির আহমেদ বলেন, গতকাল সকালে দুটি মোটরসাইকেলে আমরা ছয় বন্ধু শমসেরনগর গলফ মাঠে ঘুরতে যাই। ফেরার পথে মৌলভীবাজার সড়কের কালীমন্দির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আমার বন্ধু সোহাম গুরুতর আহত হয়। দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।