জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলম পরওয়ার বলেছেন, অজ্ঞাত স্থান থেকে অডিও বার্তা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে চিনেছে, ফ্যাসিবাদের মাস্টারমাইন্ডকেও চিনেছে। কোনোভাবেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত বিপ্লবী সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের বিচক্ষণতা আর ছাত্র-জনতার বৈপ্লবিক নেতৃত্বে প্রয়োজনে আবারও দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে প্রতিহত করবে।
রবিবার (১০ নভেম্বর) খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
মিয়া গোলম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিগত ১৬ বছরে যে অপপ্রচার চালানো হয়েছে- তা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি দেশ রক্ষায় যে কোনো ইস্যুতে সকলকে ঐক্যবদ্ধভাবে পথ চলার আহবান জানান।
জামায়াত সেক্রেটারি জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর হামলার ঘটনা উল্লেখ করে বলেন, আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ডে হেনস্থা করা হয়েছে। সেখানে তার সিকিউরিটি কোথায় ছিল? তার প্রটোকল কোথায় ছিল? সেদেশে নিযুক্ত অ্যাম্বেসডর দূরে দাঁড়িয়ে ছিলেন, একটি কথাও বলেননি! আসিফ নজরুলের ওপর ওই হামলা ও যেসব অশ্লীল কথাবার্তা বলা হয়েছে তাতে আওয়ামী ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠেছে।
তিনি বলেন, বিদেশের মাটিতে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। এমনিভাবে বিগত ১৬ বছরে দেশের মানুষ আওয়ামী বর্বরতা দেখেছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্যে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয় উল্লেখ করে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান।