ফ্যাসিস্টরা নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিও জানানো হয়।
সমাবেশে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারা একসময় বলেছিল, যে হাত দিয়ে আগুন দেওয়া হবে, সেই হাত পুড়িয়ে দেওয়া হবে। এখন সেই বক্তব্য তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে।
মহানগর জামায়াতের আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট আল আমিন। এতে আরও বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল বাছেত, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, আব্দুস সালাম তহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাহফুজুল হক, শহীদুর রহমান ও মোখলেছুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি আরও বলেন, ফ্যাসিস্ট শাসনামলের ১৭ বছরে হাজারো মানুষ হত্যা, ক্রসফায়ার ও গুমের শিকার হয়েছেন। প্রতিষ্ঠা করা হয়েছিল আয়নাঘর। একই সঙ্গে দেশের নির্বাচনব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ক্ষমতায় টিকে থাকতে সংবিধান পরিবর্তনসহ নানা ঘৃণ্য কর্মকাণ্ড চালানো হয়েছে। এসব কারণে মানুষ তাদের ঘৃণা করে।
সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।