৭ দফা দাবিতে নোয়াখালীতে জামায়াতের বিক্ষোভ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য দমনে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণের প্রত্যাশা পূরণে সাত দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী শহর জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মহিউদ্দিনসহ স্থানীয় নেতারা।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত