ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে মাগুরায় গুলিতে নিহত মেহেদী হাসান রাব্বির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। গতকাল রবিবার বিকেলে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে ছাত্রদল নেতা রাব্বির বাসায় গিয়ে তার শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। এ সময় রাব্বিসহ মাগুরায় শহীদ ১০ জন এবং আহত একজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার হাসনাইন মনজুর মোর্শেদ ইমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ।
এ ছাড়া মাগুরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলী আহমেদ, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিনসহ দল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ^াসের ছেলে। গত মে মাসে বিয়ে করেছিলেন রাব্বি। এরই মধ্যে তার স্ত্রী রুমি খাতুনের গর্ভে এসেছে তার রেখে যাওয়া স্মৃতি।
শহীদ রাব্বির স্ত্রী রুমি খাতুন এবং ছোট ভাই ইদ্রিস হোসেন বিশ^াসের দাবি, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের গুলিতে রাব্বি প্রাণ হারিয়েছেন। এ সময় আন্দোলনে থাকা রাব্বির ভাতিজা খালিদ বিশ^াসসহ অন্তত ২০ জন আহত হন।
ঝিনাইদহে শহীদ পরিবারের পাশে তারেক রহমান : ঝিনাইদহে গণ-আন্দোলনে শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে গতকাল প্রতিনিধিদলটি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে।
সকালে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে শহীদ রাকিবুল হোসেনের বাসায় যায় প্রতিনিধিদলটি। তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এমএ মজিজ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী হাসনাইন মনজুর মোর্শেদ ইমন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
গণ-আন্দোলন চলাকালে হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে রাকিবুল হোসেন এবং শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আমদ আলী মণ্ডলের ছেলে সাব্বির মণ্ডল গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।