বাংলাদেশ থেকে অনুপ্রবেশ নিয়ে অমিত শাহের ক্ষোভ

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যটি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ অন্য রাজনীতিকরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যু বানিয়ে ঝাড়খ-ের ক্ষমতাসীন জেএমএম-কংগ্রেস জোটের বিরুদ্ধে তোপ দাগছেন।

গতকাল সোমবার ঝাড়খন্ডের সেরাইকেলায় রাজ্যে বিজেপির এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের বিয়ে করলেও অনুপ্রবেশকারীরা জমির মালিকানা পাবেন না। সেই সঙ্গে অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের তাড়িয়ে দেওয়ার জন্য এবং তাদের দখল করা জমি পুনরুদ্ধারে একটি কমিটিও গঠন করার ঘোষণা দেন অমিত শাহ।

গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন। ঝাড়খন্ডের গাড়োয়াতে নির্বাচনী সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন সরেন নেতৃত্বাধীন প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি। ওই সময় রাজ্যের ক্ষমতাসীন জেএমএম, কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দলকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থক’ বলে অভিযোগও করেছিলেন মোদি।

তিনি বলেছিলেন, জেএমএম-আরজেডি-কংগ্রেস সরকার তুষ্টিকে রাজনীতির শিখরে নিয়ে গেছে। এসব দল রাজ্যের সামাজিক সম্প্রীতি নষ্ট করছে। তারা অনুপ্রবেশকারীদের সমর্থক। বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ভোট পাওয়ার জন্য তারা ঝাড়খন্ড জুড়ে বসতি স্থাপনের ব্যবস্থা করে দিয়েছে।