নৌ উপদেষ্টা বললেন

ভৈরবকে আন্তর্জাতিক নৌবন্দরে রূপান্তর করা হবে

কিশোরগঞ্জের ভৈরব নদীবন্দরকে আন্তর্জাতিক নৌবন্দরে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। গতকাল সোমবার দুপুরে নদীবন্দরটি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘এ নৌবন্দরটি দেশের সব থেকে পুরনো ও গুরুত্বপূর্ণ একটি বন্দর। এটি আন্তর্জাতিক নৌবন্দর করার লক্ষ্যে ৯৭ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ^ব্যাংক। কয়েক দিনের মধ্যে বিআইডব্লিউটিএ কাজটি শুরু করবে এবং ২০২৫-এর ডিসেম্বরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করি।’

গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনালের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি বলেন, ‘কার্গো টার্মিনাল নির্মাণের জন্য আশুগঞ্জ নৌবন্দরকে হাব হিসেবে নির্বাচন করা হয়েছে। টার্মিনালটি নির্মিত হলে নৌপথে বাণিজ্যের আরও প্রসার ঘটবে। এখানে সাইলোসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান আছে। এটি বাংলাদেশের একটি হাব।’

নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘বিশ^ব্যাংকের অর্থায়নে নৌবন্দরে নতুন কার্গো টার্মিনাল নির্মাণ করছে বিআইডব্লিউটিএ। নতুন এই টার্মিনালে তিনটি জেটি ও স্টোরেজ শেডসহ বিভিন্ন অবকাঠামো রয়েছে। আগামী বছর প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আশুগঞ্জ নৌবন্দরে কার্গো টার্মিনাল নির্মাণ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন নৌ উপদেষ্টা।

এ সময় উপদেষ্টার সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, আশুগঞ্জ কার্গো টার্মিনাল প্রকল্পের পরিচালক আইয়ূব আলী, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।