রাজধানীর জিরো পয়েন্ট এলাকায় আওয়ামী লীগের ব্যর্থ সমাবেশের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের কর্তৃপক্ষকে রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চল তাদের সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার হ্যান্ডেল দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানায়।
অ্যামনেস্টি বলেছে, ‘বাংলাদেশ কর্তৃপক্ষকে গত রবিবার জিরো পয়েন্টে আওয়ামী লীগ সন্দেহে লোকজনকে মারধরের সঙ্গে জড়িতদের অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করে জবাবদিহির আওতায় আনতে হবে। জনগণকে তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য আক্রমণ করা তাদের মতপ্রকাশের স্বাধীনতা ও সংঘের অধিকারের লঙ্ঘন।’
যুক্তরাজ্যভিত্তিক এ মানবাধিকার সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ গত রবিবার (১০ নভেম্বর) নূর হোসেন দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের জোরালো প্রতিরোধের মুখে কর্মসূচি পালন করতে পারেনি দেড় দশক টানা ক্ষমতায় থাকার পর পতন ঘটা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দিনভর উত্তেজনার মধ্যে আওয়ামী লীগের লোক সন্দেহে নারীসহ কয়েকজনকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া মতিঝিল ও পল্টন এলাকায় বিচ্ছিন্নভাবে মিছিল করার সময় ৯ নারীসহ আওয়ামী লীগের ৪২ নেতাকর্মী পুলিশের হাতে আটক হন।