সমন্বয়ক পরিচয় দিয়ে সিপিবির পথসভায় হামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সিপিবির পথসভায় হামলা করেছে সমন্বয়ক পরিচয়দানকারী একদল ছাত্র। এ সময় দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স বক্তব্য দিচ্ছিলেন।

গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে রুহিন হোসেন প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ১ নভেম্বর থেকে সিপিবির ‘শোষণ বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ চলছে। তারই অংশ হিসেবে এখানে পথসভার আয়োজন করা হয়। আমি যখন বক্তব্য রাখছিলাম তখন সমন্বয়ক দাবি করে একদল উচ্ছৃঙ্খল ছেলে হামলা চালায়। ব্যানার-ফেস্টুন টেনে নিয়ে যায় এবং চেয়ার ভাঙচুর করে। নেতাকর্মীদের ওপর চড়াও হয়। হামলাকারীরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক বলে দাবি করে।

তিনি বলেন, এ সময় প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। পরে জানতে পারি হামলাকারীদের নেতৃত্ব দেয় হজরত নামে একটি ছেলে। তবে এ বিষয়ে আমরা থানায় অভিযোগ জানিয়েছি।

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, কমিউনিস্ট পার্টি ও বামপন্থিরা যে নীতিনিষ্ঠ রাজনীতি করছে এর বিরুদ্ধে বিশেষ চক্রান্ত চলছে। যাতে করে নীতিনিষ্ঠ রাজনীতি তুলে ধরতে না পারি। কিন্তু আমি মনে করি দেশের সাধারণ মানুষ তাদের অপচেষ্টা রুখে দাঁড়াবে।