তারেক রহমানের নির্দেশনায় গেণ্ডারিয়ায় ‘চক্ষুসেবা ক্যাম্প’

জুলাই-আগস্টের গণ-আন্দোলনে চক্ষু হারানো ও ক্ষতিগ্রস্ত এবং নিম্নবিত্ত মানুষের সেবার উদ্দেশে রাজধানীতে দ্বিতীয় দিনের মতো ‘বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প’ পরিচালনা করেছে ‘আমরা বিএনপি পরিবার।’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর গেণ্ডারিয়ায় গতকাল বৃহস্পতিবার এ ক্যাম্পের আয়োজন করা হয়।

গেণ্ডারিয়া থানার নারিন্দাতে সাদেক হোসেন খোকা খেলার মাঠে গতকাল সকালে প্রধান অতিথি হিসেবে এ ‘চক্ষুসেবা ক্যাম্প’ উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ক্যাম্প উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় দেওয়া বক্তব্যে রিজভী বলেন, ‘শেখ হাসিনা এমন বন্য আইন ও শাসনব্যবস্থা কায়েম করেছিলেন, তার শাসনকালে একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত। বন্ধু বন্ধুকে দেখলে ভয় পেত। যুবলীগ-ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক। তারা যেদিকে হেঁটে যেত, মানুষ সেদিকে হাঁটতে ভয় পেত। মানুষ ফিসফিস করে কথা বলত, নীরবে কথা বলত। তারা ভাবত তাদের কথা যুবলীগ-ছাত্রলীগ জেনে গেলে বাড়িঘরে আক্রমণ করবে অথবা পুলিশ-র‌্যাব তুলে নিয়ে যাবে। চিরদিনের জন্য নিরুদ্দেশ করে দেবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে সারা দেশে শুধু রক্ত ঝরেছে। বিএনপি নেতাকর্মীরা পঙ্গুত্ববরণ করেছে। অনেকে হাসপাতালে যেতেও ভয় পেত। কারণ হাসপাতালেও আক্রমণ চালিয়েছে শেখ হাসিনার ক্যাডাররা। অন্যায় এবং পাপ যে বেশিদিন টিকতে পারে না, এটির যে পতন হয়, ইতিহাস থেকে শেখ হাসিনা এ শিক্ষা গ্রহণ করেননি। এজন্যই তাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। জুলাই-আগস্টে সংঘটিত বিপ্লব শেখ হাসিনা কল্পনাই করতে পারেননি।’

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘জনতার মেয়র’খ্যাত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপি নেতা ডা. এম এ মুহিত প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মোহান ও স্থানীয় বিএনপির নেতারা।